টঙ্গীতে ১৮ মাস পর আ.লীগের ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন
স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর):
গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় দীর্ঘ ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ–এর দলীয় কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে কে বা কারা কার্যালয়ের প্রধান ফটকের সামনে সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ দলীয় শীর্ষ নেতাদের ছবি সম্বলিত ব্যানার টানায়। সকালে স্থানীয়রা ব্যানারটি দেখতে পেলেও কারা এটি টানিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ব্যানারে “গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন” লেখা রয়েছে।
এদিকে জাহিদ আহসান রাসেল তার ফেসবুক আইডিতে ব্যানার টানানোর একটি ভিডিও পোস্ট করে লেখেন, “টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন।”
সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের চারপাশে অস্থায়ী বেড়া নির্মাণ করা হয়েছে। ভবনের ভেতরে কিছু লোকজনের বসবাস রয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মো. মেহেদী হাসান জানান, এ বিষয়ে তার কাছে তাৎক্ষণিক কোনো তথ্য নেই। ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে পারে বলে জানা গেছে।